রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ মোড়ে মোহাম্মদপুর-বছিলা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি (মোহাম্মদপুর), সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর), ঐক্যবদ্ধ মোহাম্মদপুর এবং বছিলা সোশ্যাল প্লাটফর্মসহ বেশ কয়েকটি সংগঠন এই মানববন্ধন করে।
প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের ন্যায্য দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর শাখার উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস. এম. শাহীন, সাংবাদিক এম. এ. রউফ, শ্রমিক নেতা অহিদুর রহমান এবং সাইফুল্লাহ সেলিম।
রাজনৈতিক নেতাদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জননেতা মোঃ মোবারক হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি নেতা রাজিবুল ইসলাম, জামায়াতের মোহাম্মদপুর অঞ্চল টিমের সদস্য ডা. শফিউর রহমান, মোহাম্মদপুর থানা কর্মপরিষদ সদস্য রুহুল আমিন, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কার্যক্রমের বাইরে পড়ে আছে। রাস্তায় অসংখ্য খানাখন্দ, পানি জমে কাদা এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। যানবাহন আটকে থাকা ও দীর্ঘ ট্রাফিক জ্যামে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হওয়া এখন নিত্যদিনের ঘটনা।
তিনি আরও বলেন, ফোর লেন হওয়ার উপযোগী রাস্তাটির বড় একটি অংশ দখল করে রয়েছে ইট-পাথরের ব্যবসা এবং ভ্রাম্যমাণ দোকানপাট, যা কেবল ফুটপাত নয় বরং সড়কের একটি বড় অংশ দখল করে রেখেছে।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় তারা সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
রিপোর্টার্স ২৪/এসএন