সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হয়েছে। মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা কমিয়ে আনা যায়।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সভায় জুলাই হত্যাকাÐের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয়ে আলোচনা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমরা ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নতুন নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা যদিও নির্বাচনের সঙ্গে জড়িত না। তারপরও কারা ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নিয়োগ দিয়েছি। এগুলো সব নতুন নিয়োগ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবে যারা ছিল তাদের আমরা নতুন র্যাবে নিয়ে আসছি এবং কোস্টগার্ডেও নেভি থেকে নেওয়া হয়েছে। এগুলো সব নতুন নিয়োগ। বর্তমান সরকার আসার পর এই নিয়োগ দেওয়া হয়েছে।
কোন কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে- জানতে চাইলে তিনি আরও বলেন, পুলিশের কনস্টেবল, এসআই, এএসপি এই তিনটি পদে নিয়োগ হয়। এরমধ্যে কনস্টেবল ও এসআই নিয়োগ দেওয়া হয়েছে। এসপির সংখ্যাটা আমরা বলিনি।
১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না আমি জানি না। কিন্তু আমাদের নির্দেশনা ছিল কোনা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।
মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনায় বাদী বলেছেন এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবুও কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করেন। পুলিশের অ্যারেস্ট করা অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। কোর্ট সরকারের কথা শুনেনা। কোর্ট স্বাধীন।
তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমরা সবসময় চুনোপুঁটিগুলো ধরি। বড় রুই মাছ সবসময় ছাড়া পেয়ে যায়। বড় একটা ধরা পড়েছে, এখন আপনারা সবাই লেগে গেছেন। চুনোপুঁটি সম্পর্কে কিন্তু কেউ কিছু বলছেন না। সুতরাং নির্দোষ এমন কেউ, হোক ছোটখাটো, ধরা হলে সে সম্পর্কে আপনারা বলেন। আপনারা সবসময় সত্য ঘটনা বলে থাকেন, আপনাদের ধন্যবাদ।
রিপোর্টার্স২৪/এসএন