স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে কিশোর গ্যাং ‘চান গ্রুপ’এর প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যানসার গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এসআই নাজমুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, চান গ্রুপের নেতা কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এরপর অভিযান চালিয়ে তাকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘কালাচান ছাড়াও গ্রুপের আরও সদস্যরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।’
জানা গেছে, কালাচানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি রায়েরবাজারে চান গ্রুপ পরিচালনা করতেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই গ্রুপ নিয়মিতই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আগে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার হওয়া কালাচানকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।
কালাচানের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাড়িতে থাকতেন।
রিপোর্টার্স২৪/আয়েশা