রিপোর্টার্স২৪ ডেস্ক :
দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় পা রাখলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
কূটনৈতিক সূত্র জানায়, গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ ঢাকা সফর করেছিলেন। তার ধারাবাহিকতায় এবার ইসহাক দারের এই সফর দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করার একটি উদ্যোগ।
সফরের দ্বিতীয় দিন রোববার তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। শুরুতে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলোচনায় ব্যবসা-বিনিয়োগ, সংযুক্তি, মানুষের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায়। তবে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ছাড়া সম্পর্কের অগ্রগতি টেকসই হবে না।
রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার বাসায় দেখা করবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন। এর পর ২০২২ সালের জুলাইয়ে তিনি আবার ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকায় আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি আর ঢাকায় আসেননি।
এস