ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনে পিআর পদ্ধতি কি সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। কারণ দেশের নির্বাচনী ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখেনি। এখন হঠাৎ করে দু একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। মূলত এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ে সুযোগ থাকবে না।’
শনিবার (২৩ আগষ্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপি'র সদস্য হবে। তবে কোন চাঁদাবাজ দখলবাজ দলের সদস্য হতে পারবে না যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার আহসান উদ্দিন খান শিপন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ। পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কর্মসূচির ফরম বিতরণ করেন।
এদিকে, কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব