রিপোর্টার্স২৪ ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে বুদ্ধি-প্রতিবন্ধী ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মফিজুর রহমান মল্লিককে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের কেরশাইল গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে কেরশাইল জামে মসজিদের শৌচাগারে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ১১টার দিকে ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করলে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দোকানে যাওয়ার পথে কিশোরীটিকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যায় মফিজ মল্লিক। সেখানে জোরপূর্বক ধর্ষণের পর ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি গোপন রাখতে চাপ দেয়। পরে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর চিকিৎসা চলছে এবং শনিবার (২৩ আগস্ট) আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা