খাগড়াছড়ি প্রতিনিধি: শতবর্ষের ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফটকটি বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানটির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। আধুনিক নকশা ও উন্নতমানের উপকরণে নির্মিত এই ফটকটি বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ফটক উদ্বোধনের পর তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই নতুন সংযোজনকে প্রতিষ্ঠানের ইতিহাসে একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষকরা জানান, ফটকটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ পরিবেশ তৈরি করবে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা