| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন, নিষিদ্ধ বাইক-সিএনজি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ০৯:৪৩:০৬:পূর্বাহ্ন  |  ১৫৯১৪৮৭ বার পঠিত
ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের উদ্বোধন, নিষিদ্ধ বাইক-সিএনজি
ছবির ক্যাপশন: আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার

গাজীপুর প্রতিনিধি: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এক্সপ্রেসওয়ের এ অংশে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এখানে কোনো ইউটার্ন থাকবে না। পাশাপাশি যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে এবং ১৮ কিলোমিটার অংশে আংশিকভাবে টোল আদায় শুরু হবে।

৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মে মাসে। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরো এক্সপ্রেসওয়ে হস্তান্তরের সময়সীমা ২০২৬ সালের জুন মাস।

উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “বড় শহরগুলোকে যানজটমুক্ত করতে এ ধরনের বাইপাস নির্মাণ করতে হবে। তবে সড়ক নির্মাণের ব্যয় কমিয়ে টেকসই প্রযুক্তি ব্যবহার করতে হবে। সড়ক এমনভাবে তৈরি করতে হবে যেন প্রতি বছর মেরামতের প্রয়োজন না হয়।” তিনি আরও বলেন, “আমাদের প্রকৌশলীদের দিয়ে এসব কাজ সম্পন্ন করার সক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে বিদেশি নির্ভরশীলতা কমে আসে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এক্সপ্রেসওয়ের এই অংশ চালু হলে রাজধানীর আশপাশের যানজট কিছুটা কমবে। পাশাপাশি পণ্য পরিবহন আরও দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর হবে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে এটি দেশের উত্তরাঞ্চলের জন্য বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।


রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪