বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী আল আমিন হত্যা মামলায় পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার গাবতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তাররা হলেন-হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বাশির আহম্মেদ (২৬) ও ৫ নম্বর আসামি নাজির হোসেন (২৮)। তারা আপন ভাই এবং শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
রোববার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি জানান, নিহত আল আমিন (৩৫) ছিলেন বগুড়া নিউ মার্কেটের ব্যবসায়ী এবং শাজাহানপুরের ভাদাইকান্দি এলাকার আফসার আলীর ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় আসামিরা আল আমিনকে হুমকি ও চাঁদা দাবি করতে থাকে। গত ২৮ জুলাই দেড় লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে আল আমিন হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২ আগস্ট) রাতে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর শাজাহানপুর থানায় মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে তৎপরতা শুরু করে র্যাব। শনিবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা