| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ০৫:২৫:৩৯:পূর্বাহ্ন  |  ৩০৬১৬২৮ বার পঠিত
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ছবির ক্যাপশন: ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মো. আশরাফুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আশরাফুল মোল্যা বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, আশরাফুল মোল্যা স্ত্রী সুমা আক্তারকে (২০) নিয়ে মধুখালী উপজেলার দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টারে বসবাস করতেন। ২০১৮ সালের ১৭ আগস্ট দুপুরে আশরাফুল দাবি করেন, তার স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ খবর পেয়ে কোয়ার্টার থেকে সুমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরে নিহতের ভাই মো. সেলিম মোল্যা বাদী হয়ে মধুখালী থানায় আশরাফুলসহ দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ময়নাতদন্ত রিপোর্টে সুমাকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছিল বলে প্রমাণিত হয়। তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আশরাফুলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামিকে খালাস দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত ন্যায়সংগত রায় দিয়েছেন বলে আমরা সন্তুষ্ট।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪