| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১১:৪৮:১৪:পূর্বাহ্ন  |  ১৫৮৩৪৩২ বার পঠিত
কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান
ছবির ক্যাপশন: কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ২২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। এতে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার এবং সঞ্চালনা করেন বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বেলাল হোসেন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো.শামসুল হুদা লিটন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাহমুদুল হাসান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন প্রধান এবং কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী এবং গীতা পাঠ করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও ডা. তামান্না তাসনীম বলেন, “এ সংবর্ধনা তোমাদের মেধার স্বীকৃতি। এটি সাফল্যের প্রথম ধাপ। ভবিষ্যতেও শিক্ষায় ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ধারা বজায় রাখতে হবে। শিক্ষা অর্জন করে পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখতে হবে। সুশিক্ষিত তরুণ প্রজন্মই দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।                                 

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪