বগুড়া প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এ মঙ্গলবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে এরুলিয়া ইউনিয়ন ৪-০ গোলে নামুজা ইউনিয়নকে পরাজিত করে। মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে ২০নং ওয়ার্ড ২-০ গোলে হারায় শেখেরকোলা ইউনিয়নকে। এদিকে আলতাফুন্নেছা খেলার মাঠে দুটি ম্যাচে ১১নং ওয়ার্ড টাইব্রেকারে ১-০ গোলে ৬নং ওয়ার্ডকে এবং ২নং ওয়ার্ড ১-০ গোলে হারায় ১নং ওয়ার্ডকে।
আলতাফুন্নেছা খেলার মাঠে খেলাগুলো শেষে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং শহর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী বুধবার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৪টায় ফাঁপোড় ইউনিয়ন মুখোমুখি হবে গোকুল ইউনিয়নের, আর মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে লাহিড়ীপাড়া ইউনিয়নের প্রতিপক্ষ রাজাপুর ইউনিয়ন। তবে আলতাফুন্নেছা খেলার মাঠে বুধবার কোনো ম্যাচ নেই।
উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের আওতাধীন ২১টি ওয়ার্ড, সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ৮টি পেশাজীবী শাখা—মোট ৪০টি দল নিয়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো ৫টি জোনে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি গরু এবং রানার্সআপ দলকে দেওয়া হবে একটি খাসি।
এস