বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর (২৭ আগস্ট) বুধবার ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে জয় পেয়েছে গোকুল ইউনিয়ন ও রাজাপুর ইউনিয়ন।
নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় গোকুল ইউনিয়ন টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ফাঁপোড় ইউনিয়নকে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় সরাসরি টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়। বিপুল দর্শকের উপস্থিতিতে জমে ওঠে খেলা।
মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে রাজাপুর ইউনিয়ন টাইব্রেকারে ৪-৩ গোলে লাহিড়ীপাড়া ইউনিয়নকে পরাজিত করে। এই খেলাও নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল খেলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিক, ১৯নং ওয়ার্ড জামায়াতের আমির ও সাবেক কাউন্সিলর মাষ্টার ওসমান আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে ৪টায় ১৫নং ওয়ার্ডের মুখোমুখি হবে ১৭নং ওয়ার্ড। একই সময়ে মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে সাবগ্রাম ইউনিয়নের প্রতিপক্ষ ১৮নং ওয়ার্ড। এছাড়া আলতাফুন্নেছা মাঠে দুটি ম্যাচ হবে-বিকেল সাড়ে ৩টায় ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড এবং বিকেল সাড়ে ৪টায় ৭নং ওয়ার্ড বনাম ১৬নং ওয়ার্ড।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা