| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি পালিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১৪:২৮:২৮:অপরাহ্ন  |  ১৫৯৫০৬১ বার পঠিত
কাপাসিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি পালিত
ছবির ক্যাপশন: বিপুল উৎসাহ উদ্দীপনায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি পালিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তের চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা ও আজগর হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফকির মো. মমতাজ উদ্দিন রেনু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ. ম. এমদাদুল হোসেন, গাজীপুর আদালতের জিপি অ্যাডভোকেট মো. সোলায়মান দর্জী, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফ. এম. কামাল হোসেন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকবাল হোসেন শেখসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়। নির্ধারিত বুথ থেকে কর্মীরা ২০ টাকা ফি দিয়ে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে নবায়ন ফরম বিতরণ করেন।

শাহ রিয়াজুল হান্নান বলেন, “দলের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে। আজকের প্রেক্ষাপট আগের তুলনায় অনেক ভিন্ন। সুযোগসন্ধানীরা দলের ভেতরে প্রবেশের চেষ্টা করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় নেতৃত্ব দিয়েছে এবং জনগণের ভোট ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় আসা আমরা মেনে নেব না।”

তিনি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, “যারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী দল হিসেবেই রাজনীতি করেছে। দেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি সবসময়ই সোচ্চার।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার পিতা প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহর স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা, পরিবেশবান্ধব শিল্পায়ন, মাদকবিরোধী কার্যক্রম এবং কর্মসংস্থান সৃষ্টিই হবে আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।


রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪