মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে চিকিৎসক দলটির নেতৃত্ব দেন ডা. আবু বকর সিদ্দিক। তাঁর সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে আগত ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৮ জন টেকনিশিয়ান, ১৫ জন সহকারী ও ২০ জন স্বেচ্ছাসেবক সারাদিন চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের জন্য ব্লাড প্রেসার, ব্লাড সুগার ও ব্লাড গ্রুপ পরীক্ষাসহ বিভিন্ন টেস্টের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনী পরিচালক ওমর ফারুক, জামায়াতের থানা আমির হাফেজ হাতেম আলী, ব্যবসায়ী আয়ুব তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেবা নিতে আসা অনেক রোগী জানান, তাঁরা নদীভাঙন এলাকার দরিদ্র মানুষ। ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ডা. আবু বকর সিদ্দিক নিজে উপস্থিত থেকে সারাদিন চিকিৎসা দিয়েছেন এবং ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদেরও সঙ্গে এনেছেন—এটি তাঁদের জন্য বিশেষ প্রাপ্তি। তাঁরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং তাঁর জন্য দোয়া করেন।
ডা. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, "আমি একজন চিকিৎসক, তাই মানুষের সেবায় যা কিছু সম্ভব তা করার চেষ্টা করি। আমি এমপি হই বা না হই, এলাকার নদীভাঙন কবলিত মানুষদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি সবসময় তাঁদের পাশে থাকব, ইনশাআল্লাহ।" এ আয়োজন সফল করতে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীকেও ধন্যবাদ জানান।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা