স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে মঙ্গলবার আদালতে তোলা হবে এ খবরে সকাল ১০টার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে। সকাল থেকেই গণমাধ্যমকর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন।
বেলা দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। তখন ও আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল।
বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় মমতাজকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে। পরে তাকে যখন লিফটে করে নিচতলা থেকে সাততলায় নেওয়া হয়, তখন আদালতকক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা। আদালতে তোলার পর কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়ান মমতাজ।
মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটার (পিপি) ওমর ফারুক ফারুকী। পিপি মমতাজের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। মমতাজ বেগম ছিলেন নির্বিকার।
মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি। কথা বলেননি মমতাজও। কেবল কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন বিমর্ষ মমতাজ। শুনানি শেষ হলে বিচারক মমতাজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। তখনো মমতাজ ছিলেন নির্বিকার।
আদালতের আদেশ হওয়ার পর উৎসুক একদল আইনজীবী আদালতের বারান্দায় দাড়িয়ে থাকেন। কেউ কেউ ভেতরেও অবস্থান করেছিলেন। একদল আইনজীবী মমতাজকে লিফটে না নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নিচে নামানোর দাবি তোলেন। তখন পুলিশ সদস্যরা আইনজীবীদের আদালতকক্ষ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত আইনজীবীরা আবারও মমতাজকে লিফটে না নেওয়ার দাবি তোলেন। তখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি উপস্থিত আইনজীবীদের শান্ত হওয়ার অনুরোধ করেন।
পরে আইনজীবীদের সংখ্যা এজলাসে এলে বিকেল চারটায় কড়া পুলিশ পাহারায় মমতাজকে সাততলা থেকে লিফটে করে নিচতলায় আনা হয়। তখন তাঁকে ঘিরে ধরেন উৎসুক আইনজীবী, জনতা ও গণমাধ্যমকর্মীরা।
বিকেল ৪টা ৫ মিনিটে মমতাজকে আদালতের সামনের রাস্তা দিয়ে দ্রুত হাঁটিয়ে হাজতখানার ভেতরে নিয়ে যায় পুলিশ। এর ২ মিনিট পর উৎসুক এক ব্যক্তি ‘মমতাজের একজোড়া জুতা’ আদালতের হাজতখানার প্রধান ফটকে পড়ে থাকার তথ্য জানান।
এ বিষয়ে ঢাকার আদালতে কর্মরত পুলিশের এক কর্মকর্তা বলেন, মমতাজকে যখন আদালতে তোলা হয়েছিল, তখন তার পায়ে জুতা ছিল; কিন্তু আদালত থেকে হাজতখানায় নিয়ে আসার সময় লোকজনের ভিড়ে কী ঘটেছে, সেটি তিনি জানেন না।
রিপোর্টাস২৪/এসএমএন