বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুই ভর্তা হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া শহরের বউবাজার এলাকায় অবস্থিত সুজনের ভর্তা হোটেল ও ভর্তা হোটেল-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠান দুটি রান্নাঘর, খাবারের স্থান ও ভর্তা তৈরির স্থান পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার সংরক্ষণ, খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং বাসাবাড়িতে তৈরিকৃত ভর্তার স্থানে তেলাপোকার উপদ্রব পাওয়া যায়, যা মানবস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। এছাড়া বাণিজ্যিকভাবে গ্যাসের অনিয়ন্ত্রিত ব্যবহারও ধরা পড়ে।
এ সকল অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে রান্নাঘর ও খাদ্য প্রস্তুতকেন্দ্র পরিবর্তন করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা