বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিভিন্ন অনিয়মের দায়ে স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা কার্যালয়ের একটি টিম বালিয়াদিঘী ইউনিয়নে অবস্থিত বেকারিটিতে অভিযান চালায়। এসময় দেখা যায়—অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, প্রস্তুতকৃত কেক মাটিতে ফেলে রাখা, খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিনের ব্যবহার, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং কেক তৈরিতে কালি যুক্ত খবরের কাগজ ব্যবহারসহ একাধিক অনিয়ম চলছে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় বেকারিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা