মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর থানায় দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনুর বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম। তিনি খন্দকার বিল্টু, জিএম সেলিম, উজ্জল, মীর কাউসার, হারেজ, রফিকুল ইসলাম পিন্টু, রাজু, সামিউল আলম বিল্টু ও শহিদুল ইসলামসহ নয়জনকে আসামি এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় খন্দকার আকবর হোসেন বাবলু ও ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা থানার ভেতরে প্রবেশ করে। এ সময় তারা থানার ভেতরে মোটরসাইকেল রাখার চেষ্টা করলে দায়িত্বে থাকা এক নারী কনস্টেবল বাধা দেন। এতে মীর কাউসার ওই নারী পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগাল করেন।
পরে কনস্টেবল বিষয়টি ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলামকে জানালে তিনিও একইভাবে লাঞ্ছিত হন। এ সময় ঘটনাস্থলে এমপি প্রার্থী খন্দকার আকবর হোসেন বাবলুও উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু ও মীর কাউসারের বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, “ঘটনার পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা