| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহিদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ০২:২২:৪১:পূর্বাহ্ন  |  ২০২৫০৪৬ বার পঠিত
শহিদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ছবির ক্যাপশন: শহিদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রিপোর্টার্স২৪ ডেস্ক :  বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হলে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।

অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত এই শিক্ষাবিদকে। পরে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনারে, যেখানে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

সকাল থেকেই শহিদ মিনার প্রাঙ্গণে ছিল শোকের আবহ। শিক্ষক, লেখক, সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ—সবাই বৃষ্টি উপেক্ষা করে প্রিয় মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

গত ৩ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক মনজুরুল ইসলাম। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করা সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের পর ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যোগ দেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেয়।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪