গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী ও সৎ ছেলের মারধরে শোভা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (১২অক্টোবর) রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে বালাম শেখ ও তার প্রথম পক্ষের ছেলে ফখরুল শেখ মিলে শোভা বেগমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা এবং সৎ ছেলে ফখরুল শেখ নিজেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে মুকসুদপুর এলাকায় তার মৃত্যু হয়।
পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহসহ ফখরুল শেখকে নিয়ে কাশিয়ানী থানায় পৌঁছান।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
রিপোর্টার্স২৪/প্রীতিলতা