পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি, আলোচনা সভা, মহড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, পাংশা এর আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বাকী বিল্লাহ, পাংশা সরকারি কলেজের প্রভাষক শামীমা মীনুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ প্রতিরোধে বিভিন্ন ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন। এসময় টিম লিডার মশিউলের নেতৃত্বে গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে তা নির্বাপণ করতে হয়, ভূমিকম্পে ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের পর হাসপাতালে প্রেরণ এবং পানি দিয়ে আগুন নেভানোর কৌশল দেখানো হয়।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা