| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে মাদকের ছোবল, শিল্পোন্নয়নের আড়ালে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম!

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:৫৫:০২:পূর্বাহ্ন  |  ১৯৭৬৩৩৮ বার পঠিত
শ্রীপুরে মাদকের ছোবল, শিল্পোন্নয়নের আড়ালে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: সবুজ শস্যে ভরা কৃষিনির্ভর জনপদ ছিল গাজীপুরের শ্রীপুর। সময়ের প্রবাহে সেখানে গড়ে উঠেছে শতাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিক ও কেমিক্যাল কারখানা। অর্থনৈতিক উন্নয়নের এই জোয়ার এখন যেন পরিণত হয়েছে মাদক, দূষণ ও অপরাধের এক ভয়াবহ ছোবলে।

গত দুই দশকে শিল্পায়নের অন্ধ প্রতিযোগিতায় শ্রীপুরের প্রকৃতি ও সমাজ এক ভয়াবহ পরিবর্তনের মুখোমুখি। শিল্প বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খাল-বিল, নদী ও কৃষিজমিতে। কৃষকরা বলছেন, জমির মাটি আর আগের মতো উর্বর নেই। নদীগুলোর পানি হয়ে পড়েছে দূষিত, এতে কৃষিকাজ তো দূরের কথা, ব্যবহারেরও অনুপযুক্ত।

স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, আগে তিন ফসল হতো। এখন বীজ দিলেও কিছু ওঠে না, কারখানার বর্জ্যে মাটি পুড়ে গেছে।

অর্থনৈতিক উন্নয়নের আড়ালে সবচেয়ে বড় বিপর্যয় ঘটছে তরুণ সমাজে। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, হতাশা ও সামাজিক বৈষম্যের সুযোগ নিয়ে মাদক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত তিন মাসে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, আইস ও বিদেশি মদের বিরুদ্ধে অভিযানে অর্ধশতাধিক যুবককে আটক করা হয়েছে।

স্থানীয় শিক্ষক মো. সেলিম মিয়া ক্ষোভ জানিয়ে বলেন, অনেক শিক্ষার্থী এখন মাদকের নেশায় ক্লাস ফাঁকি দেয়। পরিবারগুলো ভেঙে পড়ছে। এভাবে চললে এক প্রজন্ম হারিয়ে যাবে।

মাদকের পাশাপাশি বেড়েছে অপরাধ। প্রতিনিয়ত সংঘর্ষ, খুনোখুনি, ছিনতাই, নারী নির্যাতন, সবকিছুর মূলেই মাদকের প্রভাব। স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় এই অবৈধ ব্যবসা এখন ভয়াবহ রূপ নিয়েছে।

শ্রীপুর থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা প্রতিদিন অভিযান চালাচ্ছি। কিন্তু মাদকের উৎস ধ্বংস না হলে এই সমস্যা কমবে না।

শুধু মাদক নয়, শিল্পের ধোঁয়া ও বর্জ্যে দূষিত হচ্ছে বাতাসও। বাড়ছে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা শারীরিক জটিলতা। দ্রুত নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে স্থানীয় সংস্কৃতি, সামাজিক বন্ধন ও গ্রামীণ ঐক্য।

বিশেষজ্ঞদের মতে, উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশ, সমাজ ও অর্থনীতির ভারসাম্য বজায় রাখা জরুরি। একটি উপাদান দুর্বল হলে গোটা কাঠামো বিপর্যস্ত হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীপুরকে মাদক ও দূষণমুক্ত রাখতে প্রশাসন, জনগণ ও শিল্পমালিকদের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকতে হবে। এর বিকল্প নেই।

একসময় পাখির কূজন ও কৃষকের হাসিতে মুখর ছিল শ্রীপুর। আজ সেখানে ভাসছে শিল্পের ধোঁয়া আর মাদকের নেশায় হারিয়ে যাওয়া তরুণদের দীর্ঘশ্বাস। সময় থাকতে কার্যকর ব্যবস্থা না নিলে, উন্নয়নের এই গতি শ্রীপুরকে পরিণত করবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, কিন্তু সামাজিকভাবে নিঃস্ব এক জনপদে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪