ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।
রোববার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল খেলাধুলাকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলোকেও বিএনপি সবসময় প্রাধান্য দিয়েছে।”
যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবকাম কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা নজরুল ইসলাম, বাবুল আহমেদ ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ।
ফাইনাল খেলায় অংশ নেয় মধুখালী আন্তঃক্রীড়া একাদশ ও কাশিয়ানী একাদশ। খেলা শেষে বিজয়ী দল কাশিয়ানী একাদশের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন