শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর-২ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, ভয়ভীতি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
পবিত্র উমরাহ পালন শেষে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শরীয়তপুর-২ নির্বাচনি এলাকা নড়ীয়া-সখিপুরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আয়োজিত এ শোভাযাত্রাটি নড়ীয়া ও সখিপুরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এতে হাজারো মোটরসাইকেল ও মাইক্রোবাস অংশ নেয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা ও গণসংযোগে অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, এই আসনে চাঁদাবাজি কিংবা ভোটারদের ভয় দেখানোর সুযোগ নেই। জনগণের ভোটের অধিকার সুরক্ষিত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, শান্তি, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। কোনো অপরাধী চক্রকে প্রশ্রয় দেওয়া হবে না। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
এ সময় তৃণমূলের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাড়ছে। একই সাথে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শোভাযাত্রাটি নড়িয়া উপজেলার রাজনগর, ডোমসার, নড়িয়া বাজার ও সখিপুরের ডিএমখালি, মোল্লার হাট, আরশি নগর, বালার বাজার ও গৌরাঙ্গ বাজার গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরকে