| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে রোপা আমন ধানের বাম্পার ফলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৩:৫৭:৩৮:পূর্বাহ্ন  |  ১৯২৬২৪০ বার পঠিত
কালিহাতীতে রোপা আমন ধানের বাম্পার ফলন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ বছর রোপা আমন ধান যেন সোনালি স্বপ্ন হয়ে নেমে এসেছে কৃষকের মাঠে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি, আধুনিক কীটনাশক ব্যবস্থাপনা এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এবার উপজেলার চাষিদের মুখে লেগেছে তৃপ্তির হাসি। সর্বত্র বিরাজ করছে বাম্পার ফলনের উচ্ছ্বাস।

উপজেলার বাংড়া, বল্লা, নারান্দিয়া, পারখী, এলেঙ্গা, বানিয়াফৈর ও গোহালিয়াবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চোখে পড়ে স্বর্ণালি ধানের সমারোহ। কাটা–মাড়াইয়ের ব্যস্ততায় মুখর জনপদ। ভোরের কুয়াশা ভেদ করে মাঠে ছুটছেন কৃষকরা; কেউ ধান কাটছেন, কেউ মাড়াই করছেন—সব মিলিয়ে গ্রামজুড়ে উৎসবের আমেজ।

কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, চলতি মৌসুমে রোপা আমনের চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮,০৪০ হেক্টর জমিতে, কিন্তু অর্জিত হয়েছে ৮,৪৬৫ হেক্টর। তিনি বলেন, “আবহাওয়া ছিল খুবই অনুকূলে। সঠিক কৃষি পরামর্শ এবং কৃষকদের আন্তরিকতার ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে। বর্তমানে রোপা আমন ধানের কর্তন কাজ চলমান রয়েছে।”

স্থানীয় কৃষক রনজিত বাবু বলেন, “গত বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো। কীটপতঙ্গের আক্রমণ কম ছিল। আবহাওয়া ছিল সুবিধাজনক। এখন শুধু ন্যায্যমূল্য পেলেই পুরো পরিশ্রম সার্থক হবে।”

সিলিমপুর গ্রামের কৃষক সুরুজ জানান, “আমি দুই একর জমিতে ধান করেছি। ফলন পেয়েছি আশানুরূপেরও বেশি। অতি বৃষ্টিতে কিছু জমির ধান পড়ে গেলেও বড় কোনো ক্ষতি হয়নি। মোটের ওপর বাম্পার ফলন হয়েছে।”

তবে ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট এবং পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন কৃষকরা। তারা সরকারের কাছে আধুনিক কৃষিযন্ত্রের সহজলভ্যতা বৃদ্ধি এবং ন্যায্যমূল্যে ধান বিক্রির নিশ্চয়তা চান।

উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, আগামী মৌসুমে উচ্চফলনশীল জাতের ধান, যান্ত্রিক কৃষি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—যাতে কালিহাতীর কৃষকরা আরও বেশি ফলন ও লাভবান হতে পারেন।

সোনালি ধানের দোলা জাগানো এই মৌসুম যেন কৃষকের হাসি আরও দীর্ঘস্থায়ী করে, এমনই প্রত্যাশা সবাইকে ভর করে রেখেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪