সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, একটি দল বলছে নারীদের ৫ ঘন্টার বেশি কাজ করতে হবে না। ভবিষ্যতে এরা বলবে ‘নারীদের কাজই করতে হবে না। নারীদের ঘড়ে বসিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে।’
তিনি আরও বলেন, বিএনপি ধর্ম বেইচা রাজনীতি করে না, মিথ্যা কথা বলে ভোট চায় না। বিএনপি জনগণকে ভালোবাসে, জনগণের সেবায় নিয়োজিত থাকে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি মহিলা বিষয়ক মন্ত্রনালয় গঠন করেছিলেন। নারীদের জন্য নারী শিক্ষা প্রাথমিক থেকে কলেজ অবধি অবৈতনিক করেছিলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি ফ্লোরা ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
রিপোর্টার্স২৪/এসএন