নারায়ণগঞ্জ প্রতিনিধি: শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ উপজেলায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে কয়লা ছিটকে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
এ ঘটনায়,নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানা থেকে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, বয়লার রুমের চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলেন: তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)। তাদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ এবং তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।
কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ আব্দুর রহিম মুঠোফোনে বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তপ্ত কয়লা ছিটকে পড়লে সামনে থাকা ছয়জন শ্রমিক দগ্ধ হন। আহতদের ঢাকা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে ।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু