কিশোরগঞ্জ প্রতিনিধি : সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার দিবাগত রাতে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সৌদি আরবের জিসান শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি সৌদি আরবের জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে সচ্ছলতা ফেরাতে চার বছর আগে ফারুক সৌদি আরব পাড়ি জমান। সেখানে তিনি জিসান শহরে আল মারাই কোম্পানিতে কর্মরত ছিলেন। অফিসের কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওমর ফারুকের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
নিহতের স্বজনরা জানান, ওমর ফারুক নম্র, ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, সৌদি আরবে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/এসএন