রিপোর্টার্স২৪ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিল এলাকার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বাসটির মালিক আবুল কালাম রাতের জন্য বাসটি সড়কের পাশে রেখে বাড়ি যান। পরে স্থানীয়রা বাসে আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভায়।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, স্থানীয়রা আগুন নেভানোর পর তাঁরা সেখানে পৌঁছান। প্রাথমিকভাবে এটি অগ্নিসংযোগ বলে মনে হচ্ছে।
ধামরাই থানার এসআই পরিমল সূত্রধর জানান, বাসটির আসন ও কাচ পুড়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি