স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করতে গিয়ে দুই ব্যক্তি যৌথবাহিনীর হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মনিরুল শেখ এবং একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোনাপাড়া বাজারের একাধিক দোকানদারের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। অভিযোগ ছিল,সাংবাদিক পরিচয়ে তারা বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্টে ভয়ভীতি প্রদর্শন করে কৌশলে চাঁদা আদায় করছিল। অভিযোগের সত্যতা যাচাই শেষে যৌথবাহিনী আজকের অভিযানে তাদের আটক করে।
সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি