| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে সকালে নিখোঁজ, রাতে উদ্ধার ৩ বছরের শিশুর লাশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ০১:২০:১৯:পূর্বাহ্ন  |  ১৮৬৭১১৩ বার পঠিত
ঝিনাইদহে সকালে নিখোঁজ, রাতে উদ্ধার ৩ বছরের শিশুর লাশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটি এলাকায় সকালে নিখোঁজ হওয়া ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবার মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাশের বাড়ির একটি ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাবা পবহাটি হাইওয়ে রোডসংলগ্ন ঈদগাহের পেছনের এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে।

পরিবার জানায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সাবা। দীর্ঘ খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা সাইদুল ইসলাম। তিনি বলেন, “সকাল থেকে পাগলের মতো মেয়েকে খুঁজেছি। যে বাড়িতে কখনো যাইনি, সেখানে দশবার গিয়েছি সাবার খোঁজে। কিন্তু কোথাও তাকে পাইনি। যার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, সেই বাড়ি থেকেই আজ আমার মেয়ের লাশ পাওয়া গেল—এটা ভাবতেও পারছি না।”

জিডি হওয়ার পর পুলিশ ও স্থানীয়রা আশপাশের পুকুর, ডোবা ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পাশের বাড়ির মাসুদের ঘরে খোঁজ করলে সেখানে শিশুটির মরদেহ পাওয়া যায়। তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ বলেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার পর প্রতিবেশী মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিশু সাবার মরদেহ উদ্ধারের খবরে পুরো পবহাটি এলাকায় নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক ঘটনায় শিশুটির বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪