জামালপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) মনোনীত এমপি প্রার্থী মোঃ দৌলতুজ্জামান আনসারীকে আদালতে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি।
জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে জামালপুরের সিভিল জজ আদালত (বকশিগঞ্জে) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ বাধ্যতামূলক বলে নোটিশে উল্লেখ করা হয়।
তার বিরুদ্ধে গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ দৌলতুজ্জামান আনসারী হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় তিনি প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩ ও ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়ায় নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি তার বিরুদ্ধে এই নোটিশ জারি করেন।
নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নোটিশে উল্লেখ করা হয় ।
বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ জানানো হয় ।
এ ঘটনায় এলাকায় নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটি এ ধরনের অভিযোগে কঠোর অবস্থান নিচ্ছে সংশ্লিষ্টরা।
এতে সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস সৃষ্টি হচ্ছে বলে মনে করেন অভিজ্ঞ মহল।