মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় যাত্রী ও যানবাহনসহ ‘ধানসিঁড়ি’ নামের একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি নোঙর করা হয় এবং এরপর থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান।
তিনি জানান, শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায়। রাত ১০টা পর্যন্ত ফেরি চলাচল সম্ভব হলেও সাড়ে ৮টার দিকে কাজিরহাট ঘাট থেকে ছাড়ানো সবশেষ ফেরি আরিচা পৌঁছায়। এরপর পৌনে নয়টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি ফেরি কাজিরহাট ঘাটে পৌঁছাতে না পারায় মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়।
মো. ফখরুজ্জামান আরও বলেন, অতিরিক্ত কুয়াশার কারণে নৌপথের মার্কিং চ্যানেল অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরিটি নিরাপদে নোঙর করতে বাধ্য হয়। বর্তমানে কাজিরহাট প্রান্তে কোনো ফেরি নেই। কুয়াশা কাটলে আরিচা প্রান্ত থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
রিপোর্টার্স২৪/বাবি