| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে ফ্রান্স, ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১০:২০:৫০:পূর্বাহ্ন  |  30268 বার পঠিত
বিশ্বকাপের আগে ফ্রান্স, ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা চার দলকে নিয়ে আয়োজিত ‘রোড টু ২৬’ সিরিজে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই আন্তর্জাতিক প্রীতি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছিল ব্রাজিলের। সেই স্মৃতি মাথায় রেখেই আবারও ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে সেলেসাওরা।

সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। হাইভোল্টেজ এই লড়াইটি অনুষ্ঠিত হবে ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে। এরপর পাঁচ দিন পর, ১ এপ্রিল ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল ও ফ্রান্সের লড়াই আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃমহাদেশীয় দ্বৈরথ হিসেবে পরিচিত। এখন পর্যন্ত দুই দল ১৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ফ্রান্স জিতেছে ৭টি ম্যাচ, ড্র হয়েছে ৬টি, আর ব্রাজিল জয় পেয়েছে ৫টিতে। সর্বশেষ ২০২৪ সালের জুনে প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল ফরাসিরা।

এই সিরিজে অন্য দুটি দল হলো ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। ফিফার আন্তর্জাতিক বিরতির প্রথম দিনে, ২৭ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে কলম্বিয়া। এরপর ২৯ মার্চ ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারে ফ্রান্সের বিপক্ষে খেলবে কলম্বিয়া।

বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতির সঙ্গে এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

অন্যদিকে, ফ্রান্স ১৭ জুন সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের দ্বিতীয় ম্যাচ হবে প্লে-অফ থেকে উঠে আসা একটি দলের সঙ্গে। গ্রুপে ফ্রান্সের অপর প্রতিপক্ষ নরওয়ে।

‘রোড টু ২৬’ সিরিজের পূর্ণ সূচি

২৬ মার্চ, রাত ২টা: ব্রাজিল বনাম ফ্রান্স

২৭ মার্চ, ভোর ৫টা ৩০ মিনিট: ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া

২৯ মার্চ, রাত ১টা: কলম্বিয়া বনাম ফ্রান্স

১ এপ্রিল, ভোর ৬টা: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪