মানিকগঞ্জ প্রতিনিধি: শীতের বিকেলে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শুরু হয়েছে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট। খান বানিয়াড়া খেলার মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, রঙিন পতাকা আর তরুণদের উচ্ছ্বাস। এমন প্রাণবন্ত পরিবেশেই শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের খান বানিয়াড়া খেলার মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মানিকগঞ্জসহ তিন জেলার মোট আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়িয়েছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি ও মানিকগঞ্জ ব্রাদার্স ক্লাব। আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠা এই ম্যাচে নির্ধারিত সময় শেষে ১–০ গোলে জয় পায় কালাচান মিয়া যুব স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি।
খেলা শেষে দর্শকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে জামাল ভূঁইয়া বলেন, জাতীয় দল সাম্প্রতিক বছরগুলোতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। গ্রামের মাঠে এত মানুষের ফুটবলপ্রেম ও উন্মাদনা দেখে তিনি আনন্দ প্রকাশ করেন।
খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীরা মাঠের চারপাশে ভিড় জমান। কেউ গাছের ডালে বসে, কেউ আবার মাঠের সীমানায় দাঁড়িয়ে পুরো ম্যাচ উপভোগ করেন।
আয়োজক কমিটির প্রধান নুর এ জামান পিয়াস বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা গেলে এলাকার তরুণরা খেলাধুলার প্রতি আরও উৎসাহী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, আয়োজক কমিটির উপদেষ্টা মুরাদ হোসেন খান, সদস্য নাফিসা খান আনজুমসহ আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি