কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : লালন সাঁইজির মানবতাবাদী দর্শন ও সাম্যের আদর্শকে ধারণ করে গঠিত কেন্দ্রীয় সাধু সংঘের নবগঠিত কেন্দ্রীয় সাধু পরিষদের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতীতে এক বর্ণাঢ্য পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কালিহাতী উপজেলার বাগুটিয়ায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু পরিষদের নবনির্বাচিত সভাপতি সাধু আসাদুজ্জামান (আসাদ) এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাধু দুলাল চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জীবনানন্দ মঠ, ধুনট (বগুড়া)-এর সহকারী অধ্যক্ষ আচার্য নরেন্দ্রনাথ বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধু পরিষদের নির্বাহী সভাপতি সাধু বিজন কুমার ভট্টাচার্য, নির্বাহী সদস্য সাধু রবীন্দ্রনাথ কর্মকার, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল, টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি বাউল সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাউল জসীম সরকার এবং খ্যাতনামা লালন শিল্পী লিজু বাউলা।
আলোচনা সভায় বক্তারা সাধু সমাজের ঐতিহ্য, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশে কেন্দ্রীয় সাধু পরিষদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সত্য, ন্যায় ও মানবিকতার চর্চায় সাধু সমাজ যুগ যুগ ধরে সমাজকে আলোকিত করে আসছে। নবগঠিত কেন্দ্রীয় সাধু পরিষদ এই মূল্যবোধকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত সাধু, গুরু, পীর-মাশায়েখ, বাউল, ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম পর্ব শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে দ্বিতীয় পর্বে বিকেলে কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোটের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ লালন সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/এসএন