দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার আতারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চরচিলমারী বিওপির একটি টহল দল অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৮৪/৩-এস থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তসংলগ্ন আতারপাড়া মাঠে মাটির নিচে পুঁতে রাখা বস্তায় ভরা কালো কস্টটেপে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন