মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিদ্যালয়ে প্রবেশের সময় এক শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে শহরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের পেছনের ফটকের সামনে এ হামলা হয়। আহত শিক্ষক অনাদি বিশ্বাস (৩৫) বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনাদি বিশ্বাস সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি এলাকার অতুল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং শহরের মাস্টার কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে পৌঁছে পেছনের ফটক দিয়ে প্রবেশের সময় আগে থেকে ওত পেতে থাকা দুই কিশোর শিক্ষক অনাদির ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে সহকর্মী ও শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
জেলা হাসপাতালের চিকিৎসক অখিল সরকার জানান, শিক্ষকের মাথায় গুরুতর জখম হয়েছে এবং ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে দুপুরে খাগদী-চরমুগরিয়া সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদসহ শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রধান শিক্ষক জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে এবং লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এখনো হামলাকারীদের শনাক্ত করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ জন শিক্ষার্থী গণিতে অকৃতকার্য হলে তাঁরা আগামী দিনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এ ক্ষোভে বখাটে অকৃতকার্য শিক্ষার্থীরা মিলে গণিতের শিক্ষক অনাদির ওপর হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।