মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২)–কে আটক করা হয়। তল্লাশিকালে তার বসতবাড়ি থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিনসহ প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিলেন। অভিযানের পর উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ তাকে আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ বিষয়ে সাধারণ জনগণকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
রিপোটার্স ২৪/এসসি