মাগুরা প্রতিনিধি : মাগুরা-২ নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ মুফতি মোস্তফা কামাল বলেছেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ২৫৯টি আসনে নির্বাচন করছি। আল্লাহর মেহেরবানিতে আপনাদের সহযোগিতা এবং ইসলাম, দেশ ও মানবতার পক্ষে শক্তি এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী শক্তির সমর্থনে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে নিরাপদ ও সমৃদ্ধ মাগুরা গড়ে তুলব।
শনিবার সকাল ১০টায় শালিখা প্রেসক্লাবের সভাকক্ষে শালিখায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি মোস্তফা কামাল বলেন, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো—যে দল ক্ষমতায় থাকে, বাকি সবাই অনিরাপদ হয়ে যায়। দলমত নির্বিশেষে ক্ষমতাসীনেরাই রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করে। যারা ক্ষমতার বাইরে থাকে, তাদের ব্যবসা-বাণিজ্য ও জীবন অনিরাপদ হয়ে যায়। বিশেষ করে সংখ্যালঘুরা বিভিন্নভাবে চলাফেরায় বাধার মুখে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবন কঠিন করে ফেলা হয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যে মূল দাবিগুলো যুক্ত ছিল, সেগুলো ৫৪ বছরেও এখনো পূরণ হয়নি। তা হলো—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আমরা সুযোগ পেলে স্বাধীনতা সংগ্রামের সেই মূল চেতনাগুলো পূরণ করব।
মাগুরা-২ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালক ও শালিখা উপজেলা সভাপতি ওসমান গণি সাইফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সেক্রেটারি হাফেজ ইলিয়াস হোসাইন। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মীর আকবর আলী, অর্থ সম্পাদক আবু সিদ্দিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, মুফতি আবু তালহা, আব্দুস ছালাম জায়েফসহ শালিখায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন