স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শক্তির জানান দিল বাংলাদেশ। নেপালের পোখরায় অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে কার্যত মাঠছাড়া করে দিয়েছে লাল-সবুজের কিশোরীরা। একতরফা এই ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী।
ম্যাচের শুরুতে ভুটান কিছুটা রক্ষণ সামলে খেললেও ২৮ মিনিটে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। মামনি চাকমার নেওয়া কর্নার কিক সরাসরি জালে জড়িয়ে যায়। অলিম্পিক গোলের মাধ্যমে বাংলাদেশ নেয় প্রথম লিড। ৪৩ মিনিটে সৌরভির বাড়ানো বলে তৃষ্ণা রানী আলতো ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করেন।
এরপরই ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে যায়। পরের মিনিটেই একক প্রচেষ্টায় মুনকি আক্তার গোল করে ব্যবধান ৩-০ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পূজা দাসের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে মুনকি। বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা বইয়ে দেয় লাল-সবুজরা। ৫৪ মিনিটে দুর্দান্ত শটে তৃষ্ণা রানী পঞ্চম গোল করেন। মাত্র ছয় মিনিট পর গোলকিপারের ওপর দিয়ে বল তুলে দিয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। ৭৩ মিনিটে আলপি আক্তার বল কেড়ে নিয়ে করেন সপ্তম গোল।
৮১ মিনিটে গোলকিপারকে একা পেয়ে মুনকি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং স্কোরলাইন দাঁড়ায় ৮-০। এরপর একের পর এক গোল হজম করতে থাকে ভুটান। আলপি আক্তার ফের গোল করেন, যোগ করা সময়ে মুনকি ও অর্পিতা বিশ্বাস গোল করে ব্যবধান আরও বাড়ান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আলপি আক্তারের গোলে ১২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ আগামী ২ জানুয়ারি মাঠে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
রিপোর্টার্স২৪/ঝুম