| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০ জনের ফ্রান্সের কাছে হার ব্রাজিলের

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২৩:৪১:১৫:অপরাহ্ন  |  ১১৭৭৪৮২ বার পঠিত
১০ জনের ফ্রান্সের কাছে হার ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক: প্রীতি ম্যাচ হলেও ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ফ্রান্স ও ব্রাজিল-এর লড়াই ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। যুক্তরাষ্ট্রের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০ জনের ফ্রান্স ২–১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় দিদিয়ে দেশমের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৫৫ মিনিটে ডিফেন্ডার ডায়ট উপামেকানো ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ফ্রান্স। সংখ্যাগত সুবিধা পেয়েও আক্রমণে ধার দেখাতে পারেনি ব্রাজিল। বরং ৬৫ মিনিটে হুগো একিটিকে গোল করে ব্যবধান ২–০ করেন।

এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় ব্রাজিল। ৭৮ মিনিটে গ্লিসন ব্রেমার একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি তারা।

ম্যাচে ফরাসি অধিনায়ক এমবাপ্পের পারফরম্যান্স ছিল নজরকাড়া। সাম্প্রতিক চোট কাটিয়ে উঠে তার এমন ফর্ম স্বস্তি দেবে তার ক্লাব রিয়াল মাদ্রিদ-কেও।

জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৬ হাজারের বেশি দর্শকের বড় অংশই ছিল ব্রাজিল সমর্থক। তবে তাদের হলুদ উচ্ছ্বাস স্তব্ধ করে দেন এমবাপ্পে ও একিতিকে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্রের এই ভেন্যুতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে।

ম্যাচটি আয়োজন নিয়েও ছিল শঙ্কা। নিরাপত্তা ব্যয় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও আয়োজকদের মধ্যে বিরোধ থাকলেও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। এনএফএল দল নিউ ইংল্যান্ড প্যট্রিয়টস-এর এই স্টেডিয়ামে ফিফার নিয়ম অনুযায়ী কৃত্রিম টার্ফ সরিয়ে প্রাকৃতিক ঘাস বসিয়ে ম্যাচ আয়োজন করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪