| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৯:০৫:৪২:অপরাহ্ন  |  ৪৩৭১১৮ বার পঠিত
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১-০ গোলে নেপালকে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন তরুণ ফরোয়ার্ড মানিক।

২০২৪ সালে এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। নেপালকে হারিয়ে সেই লক্ষ্যপূরণের পথে আরেক ধাপ এগিয়ে গেল দলটি। এখন ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে ভারত ও ভুটানের মধ্যকার ম্যাচের পর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। মাত্র দশ মিনিটের মধ্যেই আসে কাঙ্ক্ষিত গোল। মোর্শেদের নিখুঁত চিপ থেকে বক্সে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান মানিক। এই গোলে মালে স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশি প্রবাসী দর্শকদের মাঝে শুরু হয় উল্লাস।

এরপরের মিনিটেই বাংলাদেশ দ্বিতীয়বার বল জালে পাঠায়। আমেরিকান প্রবাসী খেলোয়াড় রোনান সুলিভান দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, যা নিয়ে বাংলাদেশের ডাগআউট থেকে তীব্র প্রতিবাদ দেখা যায়।

দ্বিতীয়ার্ধে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং প্রথম ২০-৩০ মিনিট বাংলাদেশকে চাপে রাখে। তবে গোলরক্ষক মাহিন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণ চালায় এবং ম্যাচে গতি ধরে রাখে।

শেষ মুহূর্তে কোচ মিশু রোনানের ভাই ডেকলানকে মাঠে নামান। ডেকলান একটি ভালো সুযোগ তৈরি করলেও রোনানের শট নেপালের ডিফেন্ডারে লেগে কর্ণারে পরিণত হয়।

অতিরিক্ত ৬ মিনিটের ইনজুরি সময়েও দুই দলই মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে মালে স্টেডিয়ামে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪