| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোর রিও’র জাদুতে লিভারপুলের স্বস্তির জয়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ০৩:০৮:৪৪:পূর্বাহ্ন  |  ৬০৭৩০ বার পঠিত
কিশোর রিও’র জাদুতে লিভারপুলের স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক: কঠিন এক সপ্তাহের পর অবশেষে স্বস্তির দেখা পেল লিভারপুল। ১৭ বছর বয়সী উইঙ্গার রিও নগুমোহার দুর্দান্ত নৈপুণ্যে প্রিমিয়ার লিগে দীর্ঘদিন পর জয় তুলে নিয়েছে আর্নে স্লটের দল।

অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে নগুমোহা নিজের দ্বিতীয় লিগ ম্যাচেই দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। পাশাপাশি মোহাম্মদ সালাহর গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ফলে ফেব্রুয়ারির পর প্রথম লিগ জয় পায় লিভারপুল।

ম্যানচেস্টার সিটি ও পিএসজির বিপক্ষে কাপের কোয়ার্টার ফাইনালে হারার পর চাপে ছিল লিভারপুল। তবে এদিন ফুলহ্যাম সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারেনি। উল্টো তরুণ নগুমোহার দাপটে আক্রমণে ধারালো হয়ে ওঠে স্বাগতিকরা।

ম্যাচের শুরুটা ছিল নিস্তেজ। তবে ৩৫ মিনিট পর খেলার মোড় ঘুরিয়ে দেন নগুমোহা। ফুলহ্যামের ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ কার্লিং শটে বল জালে পাঠান তিনি। এর মাধ্যমে ১৭ বছর ২২৫ দিনে অ্যানফিল্ডে লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাস গড়েন এই তরুণ, ভেঙে দেন রাহিম স্টার্লিংয়ের রেকর্ড।

প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। দ্বিতীয় গোলেও বড় ভূমিকা রাখেন নগুমোহা। একাধিক ডিফেন্ডার কাটিয়ে তার পাস থেকে বল পেয়ে গোল করেন সালাহ।

দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ফুলহ্যাম। কোচ মার্কো সিলভা পরিবর্তন এনে দলে গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমিল স্মিথ রো।

লিভারপুলের কোচ আর্নে স্লট ম্যাচ শেষে নগুমোহার প্রশংসা করে বলেন, এক-অন-ওয়ান পরিস্থিতিতে আধিপত্য দেখানোর মতো গুণ এখন খুব কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। ওর গোলটা ছিল একেবারে সালাহর মতো।

এই জয়ে অ্যানফিল্ডে লিগে ১,৫০০তম জয়ের মাইলফলক স্পর্শ করে লিভারপুল। একই সঙ্গে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসও ফিরে পেল দলটি।

তবে ম্যাচে চোট পান কার্টিস জোন্স, যা পিএসজির বিপক্ষে ম্যাচে তাকে অনিশ্চিত করে তুলেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪