| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে নেইমারকে মিস করতে চান না মেসি

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৩:০৩:০৪:অপরাহ্ন  |  ৭৭২ বার পঠিত
বিশ্বকাপে নেইমারকে মিস করতে চান না মেসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) একসঙ্গে খেলার সময় গড়ে ওঠা বন্ধুত্ব এখনো অটুট—আবারও তা প্রমাণ করলেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা হলেও নেইমারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নেইমারকে দেখতে চান বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, নেইমার ফর্মে থাকুক বা না থাকুক, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।

মেসির ভাষায়, বিশ্বকাপে আমরা সেরা খেলোয়াড়দের পেতে চাই, আর নেইমার সেই তালিকায় সবসময়ই থাকবে। ব্রাজিল ও ফুটবলের জন্য সে অনেক কিছু দিয়েছে। আমি চাই সে বিশ্বকাপে থাকুক।

তিনি আরও বলেন, নেইমার আমার খুব ভালো বন্ধু। তাকে বিশ্বকাপে খেলতে দেখতে ভালো লাগবে। তার সঙ্গে ভালো কিছু ঘটুক—সে একজন অসাধারণ মানুষ, এবং ভালো কিছুই তার প্রাপ্য।

মেসি বলেন, নেইমারের ব্যক্তিত্বও তাকে মুগ্ধ করে। তার মতে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড খুবই সহজ-সরল, প্রাণবন্ত এবং কৃত্রিমতা ছাড়া জীবনযাপন করেন।

“সে নিজেকে যেভাবে উপভোগ করে, সেটাই তার সবচেয়ে বড় শক্তি। অন্যরা কী ভাবছে তা নিয়ে সে খুব একটা চিন্তা করে না,” বলেন মেসি।

বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলার পর ২০২৩ সালে দুজনই আলাদা পথে হাঁটেন। মেসি এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন, আর নেইমার যোগ দেন সৌদি ক্লাব আল-হিলালে। পরে ইনজুরির কারণে তিনি আবারও নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান।

বর্তমানে ৩২ বছর বয়সী নেইমার দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে। সর্বশেষ তিনি ব্রাজিলের হয়ে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) হলেও সাম্প্রতিক চোট-আঘাত তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরলে তাকে বিবেচনায় নেওয়া হবে, তবে এখনো দলে থাকার নিশ্চয়তা নেই।

অন্যদিকে মেসি নিজেও ৩৮ বছর বয়সে দাঁড়িয়ে সম্ভবত নিজের শেষ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন, যা আরও একবার ফুটবল বিশ্বের দুই তারকার শেষ বিশ্বমঞ্চে একসঙ্গে উপস্থিত হওয়ার সম্ভাবনাকে সামনে এনেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪