| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে চমক, নেই দিবালা

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২৩:৫১:৩৮:অপরাহ্ন  |  ৭৩৫ বার পঠিত
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে চমক, নেই দিবালা

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সোমবার সকালে কোচ লিওনেল স্কালোনি এই তালিকা প্রকাশ করেন। সেখান থেকে পরে চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেওয়া হবে। তবে তালিকায় জায়গা হয়নি পাওলো দিবালার মতো তারকা ফুটবলারের।

আগামী ৩০ মে’র মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দিতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে কোনো খেলোয়াড় চোটে পড়লে এই প্রাথমিক তালিকা থেকেই বিকল্প নেওয়া হবে। দিবালা ছাড়াও আলোচিত অনুপস্থিতির তালিকায় আছেন আনহেল কোরেয়া ও ভালেন্তিন কাস্তেয়ানোস। দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় থাকা এই তিনজনকে এবার প্রাথমিক দলেও রাখা হয়নি। তাদের বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে।

তালিকায় বেশ কিছু চমকও রয়েছে। কয়েকজন ফুটবলারের নাম এসেছে, যারা এর আগে জাতীয় দলে ডাক পাননি, তবে স্কালোনির নজরে অনেক দিন ধরেই ছিলেন। গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বড় বিস্ময় সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলরক্ষক ছয় সদস্যের তালিকায় জায়গা পেয়েছেন। তবে তার সামনে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস ও ফাকুন্দো কাম্বেসেস।

ডানপ্রান্তের রক্ষণেও এসেছে নতুন কিছু বিকল্প। নাহুয়েল মোলিনা চোটে পড়ায় আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার ও নিকোলাস কাপালদোর নাম উঠেছে আলোচনায়। রক্ষণভাগে আরও চমক হিসেবে আছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো। অন্যদিকে সর্বশেষ ফিফা উইন্ডোতে ডাক পাওয়া তোমাস পালাসিওস জায়গা পাননি।

মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কালোনি চমক রেখেছেন। মিলতোন দেলগাদো এবং থোমাস আরান্দার মতো তরুণদের রাখা হয়েছে তালিকায়। বিশেষ করে আরান্দাকে নিয়ে স্কালোনি ইতোমধ্যে প্রশংসা করেছেন। একই সঙ্গে ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। তালিকায় রয়েছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিও।

৫৫ জনের নাম থাকলেও স্কালোনির হাতে এখন খুব বেশি জায়গা ফাঁকা নেই। তৃতীয় গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেসের মধ্যে লড়াই চলছে। বামপ্রান্তের ব্যাকআপ হিসেবেও সিদ্ধান্ত বাকি রয়েছে মার্কোস আকুনা ও গাব্রিয়েল রোহাসকে নিয়ে।

তবে আলোচনার কেন্দ্রেই আছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ককে ঘিরেই আবারও বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস ও সান্তিয়াগো বেলত্রান।

ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্তার, লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হার্মান পেসেয়া, লেওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি লোলো, জায়েদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও গাব্রিয়েল রোহাস।

মিডফিল্ড: মাক্সিমো পেরোনে, লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিলতোন দেলগাদো, আলান ভারেলা, এজেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস, এঞ্জো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভালেন্তিন বারকো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতূয়োনো, থিয়াগো আলমাদা, থোমাস আরান্দা, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গার্নাচো, জুলিয়ানো সিমেওনে, মাতিয়াস সুলে, ক্লাদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেজ ও মাতেও পেলেগ্রিনো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪