| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি প্রো লিগে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় রোনালদো

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ০৩:৩৭:৫৮:পূর্বাহ্ন  |  ১১৯৬ বার পঠিত
সৌদি প্রো লিগে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় রোনালদো

স্পোর্টস ডেস্ক: নাটকীয় মোড় নিয়েছে সৌদি প্রো লিগের চলতি মৌসুম। আগামী বৃহস্পতিবার শেষ রাউন্ডে নির্ধারণ হবে শিরোপার ভাগ্য। এর মধ্যেই মৌসুমসেরা খেলোয়াড়ের চূড়ান্ত পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। ওই তালিকায় জায়গা করে নিয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ৮৩। দুই পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল, যারা চলতি মৌসুমে এখন পর্যন্ত একবারও হারেনি। শেষ ম্যাচে আল নাসর মুখোমুখি হবে দামাকের, আর আল হিলালের প্রতিপক্ষ আল ফায়হা। আল নাসর জিতলেই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে তারা পয়েন্ট হারালে শিরোপা জয়ের সুযোগ তৈরি হবে আল হিলালের সামনে।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপাবঞ্চিত হওয়ার হতাশা কাটিয়ে এবার ঘরোয়া লিগ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে আল নাসর। ক্লাবটির সামনে তাই শেষ দিনে বড় এক পরীক্ষা অপেক্ষা করছে।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এটি হতে পারে রোনালদোর প্রথম বড় শিরোপা। এবারের মৌসুমে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন তিনি। সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে ১০০ গোলের মাইলফলক ছোঁয়া মাত্র তৃতীয় খেলোয়াড়ও হয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। মৌসুমজুড়ে ৭ বার ম্যাচসেরা নির্বাচিত হওয়ায় বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে তিনিই সবচেয়ে এগিয়ে বলে মনে করা হচ্ছে।

তবে রোনালদোর সঙ্গে সেরার লড়াইয়ে আছেন আরও কয়েকজন তারকা। আল নাসরের আরেক ফুটবলার জোয়াও ফেলিক্স অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন। মিডফিল্ডার হিসেবে রেকর্ড তিনটি হ্যাটট্রিক করেছেন তিনি। ১২টি অ্যাসিস্ট নিয়ে তিনি লিগের শীর্ষ অ্যাসিস্টদাতা, আর গোল কনট্রিবিউশনেও আছেন যৌথভাবে দ্বিতীয় স্থানে।

আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি এবারের মৌসুমে ৩১ ম্যাচে ৩২ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন। মৌসুমে চারটি হ্যাটট্রিক ও নয়বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আল কাদসিয়ার হুলিয়ান কিনোনেসও দারুণ ফর্মে ছিলেন। ৩০ গোল করে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ শীর্ষ-ফ্লাইট গোলদাতা হয়েছেন তিনি, যার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫০। তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ১৩ বার ম্যাচসেরা হওয়ার স্বীকৃতি।

এ ছাড়া আল হিলালের মাঝমাঠের নিয়ন্ত্রক রুবেন নেভেসও আছেন বর্ষসেরার তালিকায়। তিনি লিগে ২ হাজারের বেশি পাস দেওয়ার রেকর্ড গড়ে নজর কেড়েছেন।

শেষ মুহূর্তের এই শিরোপা লড়াইয়ের পাশাপাশি বর্ষসেরা ফুটবলারের লড়াইও সৌদি প্রো লিগের এবারের মৌসুমকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪