স্পোর্টস ডেস্ক: টানা দুই বিশ্বকাপে দারুণ সাফল্যের পর এবারও বড় স্বপ্ন নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠে নামছে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ এবং ২০২২ আসরে তৃতীয় হওয়া ইউরোপের দলটি এবারও অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী দল ঘোষণা করেছে।
কোচ জ্লাতকো দালিচ ঘোষিত ২৬ সদস্যের দলে নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। ৪০ বছর বয়সী এই তারকা সম্প্রতি গালের চোট কাটিয়ে আবারও অনুশীলনে ফিরেছেন। তার উপস্থিতি দলকে মানসিকভাবে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
গত মাসে গালের ইনজুরিতে অস্ত্রোপচার করাতে হয়েছিল মদরিচকে। এরপর তাকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন তিনি। কোচ দালিচও সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, মদরিচ এখন অনুশীলনে নিয়মিত অংশ নিচ্ছেন এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত।
শুধু মদরিচই নন, চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির নির্ভরযোগ্য ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওলও। জানুয়ারির পর থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই সেন্টার ব্যাক। তবে গত সপ্তাহে সিটির জার্সিতে আবার মাঠে ফেরেন তিনি এবং এরপরই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত হয় তার।
বিশ্বকাপে ক্রোয়েশিয়া খেলবে ‘এল’ গ্রুপে। যেখানে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। তুলনামূলক কঠিন এই গ্রুপ নিয়ে সতর্ক কোচ দালিচ।
দল ঘোষণার পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। এই গ্রুপ মোটেও সহজ নয়। তবে আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে, অভিজ্ঞতা আছে, পাশাপাশি তরুণদের শক্তিও রয়েছে। এসব বিষয় আমাকে আশাবাদী করে।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে বেলজিয়াম ও স্লোভেনিয়ার। এই দুই ম্যাচে মূল একাদশ ও কৌশল চূড়ান্ত করতে চান কোচ দালিচ।
গত দুই বিশ্বকাপে ধারাবাহিক সাফল্যের কারণে এবারের আসরেও ক্রোয়েশিয়াকে সম্ভাবনাময় দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে মদরিচ, কোভাচেচ ও পেরিসিচদের অভিজ্ঞতার সঙ্গে গাভার্দিওল, বাতুরিনা কিংবা লুকা সুচিচদের তারুণ্য দলটিকে ভারসাম্যপূর্ণ করেছে।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক:
ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।
ডিফেন্ডার:
ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।
মিডফিল্ডার:
লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।
ফরোয়ার্ড:
ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।
রিপোর্টার্স২৪/বাবি