| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাফে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ভারতের পথে ঋতুপর্ণারা

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ০৬:৫৮:৪৭:পূর্বাহ্ন  |  ৫৭১২ বার পঠিত
সাফে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে ভারতের পথে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঋতুপর্ণা চাকমাদের দল।

২০২২ ও ২০২৪ সালের শিরোপাজয়ী বাংলাদেশ এবারও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের খেলোয়াড়রা।

থাইল্যান্ডের ব্যাংককে এলপাইন ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কাঠফাটা রোদ ও ভ্যাপসা গরমে করা এই অনুশীলন সাফের মঞ্চে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন দলের অন্যতম ভরসা ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো এক ভিডিও বার্তায় এই তারকা ফরোয়ার্ড বলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আমরা ভারতে যাচ্ছি। গত দুই সপ্তাহ ধরে এখানকার প্রচণ্ড গরমে নিজেদের ঝালিয়ে নিয়েছি। দলের সবাই এখন সাফে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, এখানে আমরা যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, তা মূল টুর্নামেন্টে আমাদের অনেক সাহায্য করবে।

দেশবাসীর সমর্থন কামনা করে ঋতুপর্ণা বলেন, আমরা শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুত। আপনারা যেভাবে সবসময় আমাদের পাশে ছিলেন, আগামীতেও সেভাবেই সমর্থন দিয়ে যাবেন। আমরা কাউকে নিরাশ করব না।

অন্যদিকে দলের প্রধান কোচ পিটার জেমস বাটলার থাইল্যান্ড ক্যাম্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। এমন প্রস্তুতি ক্যাম্প আয়োজন করায় বাফুফেকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই ক্যাম্প দলের ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।

বাটলার বলেন, ক্যাম্পটি আমাদের জন্য একদম সতেজ বাতাসের মতো ছিল। এখানে আমরা ভালো ও খারাপ—দুই ধরনের অভিজ্ঞতা থেকেই শিখেছি। কঠিন পরিস্থিতি থেকেই সবচেয়ে বেশি শিক্ষা পাওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা এমন একটি ভিত্তি তৈরি করেছি, যা ভবিষ্যতে সাফ ও এশিয়ান কাপের মতো আসরে মেয়েদের সাফল্যের পথ আরও সুগম করবে।

আগামী সোমবার ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ২৮ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪